Exchange Rate কী এবং কীভাবে কাজ করে? একদম সহজ ভাষায় সম্পূর্ণ গাইড

ধরুন, সৌদি আরবে থাকেন আপনার বাবা। প্রতি মাসে ৫০০ ডলার পাঠান। আপনার মা সেই টাকায় সংসার চালান। কিন্তু গত বছর হঠাৎ লক্ষ্য করলেন, চাচা একই পরিমাণ ডলার পাঠাচ্ছেন, অথচ দেশে টাকা বেশি আসছে। আবার কয়েক মাস আগে বাজারে গিয়ে দেখলেন, তেলের দাম লাফ দিয়ে বেড়েছে, চালের দাম বেড়েছে। কিন্তু কেউ বেতন বাড়ায়নি।

এই দুটো ঘটনার পেছনে একই কারণ জড়িত- exchange rate।

এটা এমন একটা বিষয় যেটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বেশিরভাগ মানুষই এটা বোঝেন না। আজকে সেই বোঝাপড়াটাই হয়ে যাক একদম সহজ ভাষায়, বাস্তব উদাহরণ দিয়ে।

Exchange Rate কী?

Exchange Rate কী?

সহজ কথায়, Exchange rate বা বিনিময় হার হলো এক দেশের টাকার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময়ের হার।

ধরুন, আপনি আর আপনার বন্ধু দুজন আলাদা মুদ্রা ব্যবহার করেন। আপনি টাকা ব্যবহার করেন, আপনার বন্ধু ডলার। এখন আপনাদের মধ্যে লেনদেন করতে হলে একটা rate দরকার, কতটা টাকা দিলে কতটা ডলার পাবেন। এটাই হচ্ছে exchange rate।

আজকের হিসেবে ১ US Dollar (USD) = প্রায় ১২২ বাংলাদেশি টাকা (BDT)। মানে, আপনি যদি ১ ডলার কিনতে চান, ১২২ টাকা গুনতে হবে। অথবা আপনি যদি ১ ডলার বিক্রি করেন তাহলে ১২২ টাকা পাবেন।

কিন্তু এই সংখ্যাটা কোথা থেকে আসে? কেন ১২২? ১০০ হলো না কেন অথবা ১৫০ হলো না কেন? এটাই আসল প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে পুরো অর্থনীতির একটা বড় রহস্য।

এক্সচেঞ্জ রেট কেন এত গুরুত্বপূর্ণ?

মূলত তিনটা কারণে এটা আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলে।

  • Import: বাংলাদেশ প্রতিদিন বিদেশ থেকে কিনছে জ্বালানি তেল, সার, গমসহ আরও অনেক কিছু। এসব আন্তর্জাতিক কেনাকাটা হয় ডলারে। ডলারের দাম বাড়লে একই পণ্য কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগে এবং সেই বাড়তি খরচ শেষ পর্যন্ত আমার-আপনার বাজারের ব্যাগে এসে পড়ে।
  • Export: আমাদের গার্মেন্টস কারখানায় তৈরি জামা বিদেশে যায়, বদলে আসে ডলার। সেই ডলার দেশে এনে টাকায় রূপান্তর করা হয়।
  • Remittance: প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে টাকা পাঠান। এই টাকাও আসে ডলারে, তারপর টাকায় বদলায়।

তাই মুদ্রার বিনিময় হার শুধু ব্যাংকের বা ব্যবসায়ীদের বিষয় না। রান্নাঘরের তেলের বোতল থেকে শুরু করে ছেলেমেয়ের ইংরেজি মাধ্যম বইয়ের দাম পর্যন্ত সব কিছুতেই এর ছায়া পড়ে।

Exchange Rate বা বিনিময় হার কীভাবে নির্ধারিত হয়?

"সরকার ইচ্ছামতো ডলারের দাম বাড়িয়ে দিচ্ছে" এই কথাটা প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তবতা হলো, বিনিময় হার নির্ধারণে সরকার একটা খেলোয়াড় মাত্র। মাঠে আরও অনেকে আছে।

১. ডিমান্ড ও সাপ্লাই (সবচেয়ে বড় শক্তি)

ডলারও একটা পণ্যের মতো। যখন দেশে ডলারের চাহিদা বাড়ে কিন্তু সরবরাহ কম থাকে, তখন ডলারের দাম বাড়ে। আবার সরবরাহ বাড়লে দাম কমে।

উদাহরণ দিয়ে বুঝি: বাংলাদেশ যখন বেশি আমদানি করে (যেমন রমজান মাসে খাবার-দাবারের আমদানি বাড়ে), তখন ব্যবসায়ীরা বেশি ডলার কিনতে চান। চাহিদা বাড়লে দাম বাড়ে। আবার ঈদের আগে যখন প্রবাসীরা বাড়িতে বেশি টাকা পাঠান তখন ডলারের সরবরাহ বাড়ে, দাম কমতে পারে।

এটাই মূল খেলা। বাকি সব factor এই demand-supply এর উপর প্রভাব ফেলে।

২. সুদের হার বা Interest Rate

মিনে করুন, বাংলাদেশ সরকার ব্যাংকের সুদের হার হঠাৎ ১০% থেকে বাড়িয়ে ১৫% করে দিল। এখন বিদেশি বিনিয়োগকারীরা ভাববে "আরে, বাংলাদেশে টাকা রাখলে ১৫% সুদ পাব! এটা তো ভালো deal!"

তারা তখন নিজেদের ডলার বিক্রি করে বাংলাদেশি টাকা কিনবে এবং আমাদের দেশে বিনিয়োগ করবে। এতে দেশে ডলারের সরবরাহ বেড়ে যাবে এবং টাকার চাহিদাও বাড়বে। ফলে টাকার মান শক্তিশালী হবে।

উল্টোটাও সত্যি। সুদের হার কম হলে বিনিয়োগকারীরা অন্য দেশে চলে যায়। ডলার বাইরে চলে যায়, টাকার মান কমে যায়।

৩. মুদ্রাস্ফীতির হার বা Inflation Rate

মনে করুন, বাংলাদেশে এক বছরে সব জিনিসের দাম ১০% বেড়ে গেল। কিন্তু আমেরিকায় মাত্র ২% বাড়ল। এখন একজন আমেরিকান ব্যবসায়ী ভাববে "বাংলাদেশ থেকে পণ্য কিনলে আগের চেয়ে বেশি টাকা লাগছে। ভারত বা ভিয়েতনাম থেকে কিনলে সস্তা পড়ে।" ফলে বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক চাহিদা কমে যাবে। এতে ডলার আয় কমবে আর টাকার মান পড়ে যেতে থাকবে।

অর্থনীতিবিদরা এই বিষয়টা বোঝাতে একটা মজার তত্ত্ব ব্যবহার করেন- Purchasing Power Parity (PPP)। সহজ কথায়, দুটো দেশে একই পণ্যের দাম এক্সচেঞ্জ রেট হিসাব করলে সমান হওয়া উচিত।

জনপ্রিয় পত্রিকা The Economist এই ধারণাটা দেখাতে ব্যবহার করে Big Mac Index। আমেরিকায় একটা Big Mac এর দাম যদি ৫ ডলার হয়, আর বাংলাদেশে সেই একই বার্গার ৬০০ টাকায় বিক্রি হয়, তাহলে PPP অনুযায়ী সঠিক এক্সচেঞ্জ রেট হওয়া উচিত ১ ডলার সমান ১২০ টাকা। এর চেয়ে বেশি বা কম হলে বোঝা যায় কোনো মুদ্রা overvalued বা undervalued।

৪. কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ

Bangladesh Bank মাঝে মাঝে বাজারে সরাসরি ঢুকে পড়ে, রেফারির ভূমিকায় অবতীর্ণ হয়। ডলারের দাম বেশি বাড়লে তারা নিজেদের কাছে থাকা রিজার্ভ বা সঞ্চয় থেকে বাজারে ডলার বিক্রি করে সরবরাহ ঠিক রাখা এবং দাম কমানোর চেষ্টা করে। আবার দাম বেশি কমে গেলে কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনে নেয়।

কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা আছে। বাংলাদেশ ব্যাংকের কাছে যত Foreign Reserve আছে, শুধু তততুকু দিয়েই এটা করতে পারে। রিজার্ভ শেষ হয়ে গেলে আর ঠেকানো যায় না।

১৯৯৭ সালে এশিয়ার অনেক দেশে ঠিক এটাই হয়েছিল। সরকার ডলার বিক্রি করতে করতে একসময় আর পারেনি, মুদ্রা ধসে পড়েছিল।

৫. ফটকা বা Speculation

Forex Market মানে যেখানে বিশ্বজুড়ে মুদ্রার বেচাকেনা হয়, সেটা প্রতিদিন ৭.৫ ট্রিলিয়ন ডলারের বেশি লেনদেন করে। এত বিশাল বাজারে অনেক বড় বিনিয়োগকারী শুধু ভবিষ্যতের দাম অনুমান করে মুদ্রা কেনাবেচা করে। এটা শেয়ার মার্কেটের মতো।

যদি বাজারে গুজব ছড়ায় যে বাংলাদেশের অর্থনীতিতে সমস্যা হচ্ছে, তাহলে ফটকা কারবারীরা দ্রুত টাকা বিক্রি করে ডলার কিনে নেবে, এমনকি বাস্তবে সমস্যা না থাকলেও। এই মনোবিজ্ঞানের খেলা অনেক সময় বাস্তব অর্থনীতির চেয়েও বেশি প্রভাব ফেলে।

এক্সচেঞ্জ রেট কত প্রকার?

পৃথিবীর সব দেশ একইভাবে তাদের মুদ্রা পরিচালনা করে না। মোটা দাগে তিন ধরনের এক্সচেঞ্জ রেট বা সিস্টেম রয়েছে।

১. Fixed Exchange Rate

এই পদ্ধতিতে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকঘোষণা করে দেয় "অন্যান্য মুদ্রার বিপরীতে আমাদের মুদ্রার দাম এত থাকবে, বেশিও না, কমও না।" বাজার যাই বলুক, সরকার সেই দাম ধরে রাখে।

এর সুবিধা হলো স্থিতিশীলতা। ব্যবসায়ীরা নিশ্চিন্তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন। কিন্তু সমস্যা হলো এই স্থিতিশীলতা ধরে রাখতে সরকারকে প্রচুর Foreign Reserve ব্যয় করতে হয়। বাজারের চাপ যদি বেশি হয়, তাহলে একসময় ধরে রাখা সম্ভব হয় না।

হংকং দশকের পর দশক ধরে তাদের মুদ্রা মার্কিন ডলারের সাথে ফিক্সড রেখেছে। এটা কাজ করেছে কারণ হংকং এর বিশাল ফরেন রিজার্ভ রয়েছে।

২. Floating Exchange Rate

এখানে সরকার বলে, "বাজার যা ঠিক করে, তাই হবে"। চাহিদা বাড়লে দাম বাড়বে, কমলে কমবে। একদম ওপেন ইকোনমি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো মূলত এই পথে চলে। সুবিধা হলো, অর্থনৈতিক ধাক্কা নিজে নিজে সামলাতে পারে। কিন্তু অসুবিধা হলো, অনেক সময় বিনিময় হার হঠাৎ অনেক বেশি ওঠানামা করে, যা ব্যবসায়ীদের জন্য অস্বস্তিকর।

৩. Managed Float Rate

এটাই সবচেয়ে বাস্তবসম্মত পদ্ধতি এবং বেশিরভাগ উন্নয়নশীল দেশ এটাই ব্যবহার করে। মূলত বাজার চলে নিজের মতো কিন্তু রেট যদি খুব বেশি অস্থির হয়ে পড়ে, কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করে বাজারে স্থিতিশীলতা ধরে রাখার জন্য।

ভাবুন, একজন দক্ষ ঘোড়সওয়ারের মতো। ঘোড়াকে সম্পূর্ণ মুক্ত ছেড়ে দেওয়া হয় না, আবার টেনে একদম বেঁধেও রাখা হয় না। লাগাম ধরা থাকে, কিন্তু শুধু দরকার হলে টানা হয়। বাংলাদেশেও এই পদ্ধতি প্রচলিত আছে।

বাংলাদেশে এক্সচেঞ্জ রেটের বাস্তবতা

বাংলাদেশ একটি managed float system অনুসরণ করে। বাংলাদেশ ব্যাংক প্রয়োজনে হস্তক্ষেপ করে, কিন্তু মূলত বাজারের উপর ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশের জন্য বিনিময় হারের বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটা কারণে:

  • আমদানি নির্ভরতা: বাংলাদেশকে জ্বালানি তেল, সার, খাদ্যশস্য, শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি সব কিছুই আমদানি করতে হয়। ডলারের দাম বাড়লে এই সব পণ্যের দাম বৃদ্ধি পায়, যা সরাসরি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলে।
  • রেমিট্যান্স: প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের ফরেন রিজার্ভের বড় উৎস। ২০২৩-২০২৪ অর্থবছরে বাংলাদেশ ২০ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পেয়েছে। এই রেমিট্যান্স মার্কেটে ডলারের সরবরাহ বাড়ায় এবং ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে সাহায্য করে।
  • রপ্তানি: গার্মেন্টস শিল্পে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয়। ডলারের বিপরীতে টাকার মান কম থাকলে আমাদের পণ্য বিদেশে তুলনামূলক সস্তা হয়, যা রফতানি বাড়ায়।
  • নীতিমালা: বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে হুন্ডি বা ইনফরমাল চ্যানেলে রেমিট্যান্স আসা কমাতে নানা নীতিমালা গ্রহণ করে। কারণ হুন্ডিতে টাকা এলে দেশের অফিসিয়াল ফরেন রিজার্ভ বৃদ্ধি না।

Exchange Rate বাড়লে বা কমলে কী হয়?

মনে করুন, আজকে ১ ডলার সমান ১২০ টাকা, আর কাল হয়ে গেল ১৩০ টাকা। এই ১০ টাকার পরিবর্তনে কী হবে?

  • আমদানি খরচ বাড়বে: বিদেশ থেকে কেনা প্রতিটি পণ্যের দাম বৃদ্ধি পাবে। যেমন, ১০০ ডলারের একটি পণ্য আগে ১২,০০০ টাকায় আনা যেত, এখন লাগবে ১৩,০০০ টাকা।
  • মুদ্রাস্ফীতি বাড়বে: আমদানি খরচ বাড়লে দেশের বাজারে প্রায় সব কিছুর দাম বেড়ে যাবে। এটাকে বলা হয় imported inflation।
  • রপ্তানিতে সুবিধা: টাকার মান কমলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্য সস্তা হয়ে যায়। তাই রপ্তানিকারকরা কিছুটা সুবিধা পান। যেসব পণ্যের কাঁচামাল বাংলাদেশেই উৎপাদিত হয় সেগুলো বিদেশিদের কাছে সস্তা হবে। কিন্তু তৈরি পোশাকের মতো যেসব পণ্যের কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হয় সেগুলোর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সেগুলো আর সস্তায় পাওয়া যাবে না।
  • রেমিট্যান্স বাড়বে: প্রবাসীরা একই পরিমাণ ডলার পাঠালে দেশে বেশি টাকা পাবে। তাই তারা পরিবারের কাছে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হবেন।

বাস্তব জীবনের উদাহরণ

২০২২ সালে যখন বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যে বাংলাদেশে ডলারের দাম হঠাৎ করে ৮৫ টাকা থেকে ১১০ টাকার কাছাকাছি চলে গেল, তখন কী হয়েছিল মনে আছে?

  • জ্বালানি তেলের দাম হু হু করে বৃদ্ধি পেয়েছিল।
  • তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছিল।
  • পরিবহন খরচ বাড়ায় খাবারের দাম বেড়েছিল।
  • আমদানি করা জরুরি ওষুধের দামও বৃদ্ধি পেয়েছিল।
  • বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির দাম বাড়ায় হওয়ায় হঠাৎ লোডশেডিং বেড়ে গিয়েছিল।

একটা ছোট্ট বিনিময় হারের পরিবর্তন কীভাবে পুরো অর্থনীতির শিরায় শিরায় ছড়িয়ে পড়তে পারে, এটা তার বাস্তব প্রমাণ।

এই আর্টিকেলটি যখন লেখা হচ্ছে তখন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল এর মধ্যে যুদ্ধ চলমান। এর যুদ্ধের জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ফলে এই সমুদ্র পথে মালবাহী ও তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ আছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশে।

জ্বালানীর অভাবে পেট্রোল পাম্পে যানবাহনগুলোর বিশাল সারি লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন। দূরপাল্লার অনেক গাড়ি চলাচল বন্ধ আছে।

বিনিময় হার সম্পর্কে দুটি সাধারণ ভুল ধারণা

  1. ডলারের দাম বাড়লেই সর্বনাশ: এটা পুরোপুরি সত্যি না। যারা রেমিট্যান্স পান বা রপ্তানি ব্যবসায়ের সাথে জড়িত, তাদের জন্য ডলারের দাম বৃদ্ধি পাওয়াটা লাভজনক। ডলারের দাম বাড়লে, একই পরিমাণ ডলারের বিপরীতে আগের চেয়ে বেশি টাকা পাওয়া যায়।
  2. দুর্বল মুদ্রা মানেই দুর্বল দেশ: এটাও একটা ভুল ধারণা। চীন দীর্ঘদিন ইচ্ছাকৃতভাবে তাদের মুদ্রার মান কম রেখেছে, যাতে রপ্তানি বেশি হয় এবং দেশের শিল্প শক্তিশালী হয়। শক্তিশালী মুদ্রা আমদানিকারকদের জন্য ভালো, দুর্বল মুদ্রা রপ্তানিকারকদের জন্য ভালো। কোনটা দেশের জন্য ভালো সেটা নির্ভর করে সেই দেশের অর্থনীতির কাঠামোর উপর।

উপসংহার

এক্সচেঞ্জ রেট বা বিনিময় হার একটি জটিল বিষয়, কিন্তু এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি অনুভূত হয়। ডলারের দাম বাড়া মানে শুধু বিদেশ ভ্রমণ ব্যয়বহুল হওয়া না, এর ঢেউ ছড়িয়ে পড়ে বাজারের প্রতিটি কোণায়।

সাধারণ মানুষ হিসেবে এক্সচেঞ্জ রেট সম্পর্কে সচেতন থাকা জরুরি। এটা জানলে বুঝতে পারবেন কেন বাজারে জিনিসপত্রের দাম হঠাৎ বাড়ে, কেন সরকার কখনো কখনো নির্দিষ্ট পণ্যে ভর্তুকি দেয়, এবং কেন রেমিট্যান্স পাঠানোর সময় অফিসিয়াল চ্যানেল ব্যবহার করা দেশের জন্য উপকারী।

অর্থনীতির এই ছোট্ট কিন্তু শক্তিশালী চাবিকাঠিটা একটু বুঝলেই পত্রিকার অনেক খবর, সরকারের অনেক সিদ্ধান্ত সব কিছু অনেক পরিষ্কার হয়ে যাবে।

আর্টিকেলটি পড়ে উপকৃত হলে কিংবা এটি আপনার পরিচিত কারো উপকারে আসবে মনে হলে তাদের সাথে শেয়ার করতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url